হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) ছাত্রীনিবাস
দেড় শতাব্দীর সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী উপমহাদেশের বৃহত্তম ও গৌরবোজ্জল নারী শিক্ষা প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজ। নারী শিক্ষার্থীদের আত্মপ্রত্যয়ী ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৮৭৩ সালে তৎকালীন গভর্নর স্যার এ্যাশলে ইডেনের নামানুসারে ‘ইডেন গার্লস স্কুল’ হিসেবে যাত্রা শুরু করে বেশ কয়েকবার স্থান পরিবর্তনের পর ১৯৬২ খ্রিষ্টাব্দে বর্তমান অবস্থান ঢাকার আজিমপুরে স্থায়ী হয়। ইডেন গার্লস স্কুল নামে যে চারা গাছ রোপিত হয় আজ তা পত্র পল্লবে সুশোভিত এক বিরাট মহীরুহ। আজিমপুর এলাকার বিশাল জায়গা জুড়ে অসংখ্য বৃক্ষরাজি শোভিত ছায়াঘেরা মনোরম প্রাকৃতিক পরিবেশে এই কলেজটি অবস্থিত। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীরা এই বিদ্যাপীঠে অধ্যয়নরত। ছাত্রীদের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে স্থাপিত ৬টি ছাত্রীনিবাসের মধ্যে আয়তনে সর্বকনিষ্ঠ হলো ‘হযরত আয়েশা সিদ্দিকা (রা:) ছাত্রীনিবাস’ যা কলেজের প্রাণকেন্দ্র্র পুকুরের পূর্ব পাশে অবস্থিত। আয়তনে ছোট হলেও আলো ছায়াঘেরা শান্তিময় ও মনোরম পরিবেশে এর অবস্থান।